Site icon CPLUSBD.COM

বিজিবিকে দেখে ব্যাগ ফেলে পালালো পাচারকারীরা: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। ৪ জুন ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান বলেন, ভোর রাতে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। পরবরর্তীতে টহলদল দূর হতে মোচনী মসজিদের পিছনে দুই জন মাদক ব্যবসায়ী একে অপরের নিকট একটি ব্যাগ হস্তান্তর করা অবস্থায় দেখতে পায়। উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ীরা ব্যাগটি ফেলে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যায়। টহলদল ইয়াবা চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করে খুলে গণনা করে ২৮ লাখ ৭৪ হাজার ৬ শত টাকা মূল্যমানের ৯ হাজার ৫৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পরে ইয়াবা পাচারকারীদের আটকের জন্য পার্শ্ববর্তী স্থানে তল্লাশী অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উক্ত স্থানে কাউকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়ন কর্তৃক সকল ধরণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে আইনী কার্যক্রম গ্রহণ করে এবং উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।