বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে (বিজিসিটিইউবি) ফার্মাসিউটিক্যাল ইনোভেশন শীর্ষক ফার্স্ট ন্যাশনাল কনফারেন্স বুধবার (২৯ জানুয়ারি) চন্দনাইশস্থ বিজিসি বিদ্যানগরের কনফারেন্স কক্ষে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান আনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে “অ্যাচিভিং দ্যা গোল ইন ফার্মাসিউটিক্যাল ইনোভেশন ২০২০” শীর্ষক এই কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার। ন্যাশনাল কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সিতেশ চন্দ্র বাছার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সোহেল রানা, স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. হাসান কাওসার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম প্রমূখ। কনফারেন্সে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের খ্যাতিমান গবেষক এবং ফার্মাসিউটিক্যাল সংশ্লিষ্ট বিজ্ঞ গবেষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় তাঁরা বর্তমান সময়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের বিভিন্ন মৌলিক গবেষণার ২০টি ওয়াল ও ৫৬টি পোস্টার প্রদর্শনের মাধ্যমে উপস্থাপন করেন।
আয়োজকরা বলেন, এই কনফারেন্সে খ্যাতনামা ব্যক্তিরা ঔষধ শিল্পের মান উন্নয়ন, মৌলিক গবেষণা এবং নতুন নতুন রোগের ঔষধের উদ্ভাবনের যুগোপযোগী তথ্য উপস্থাপন করেছেন। এই কনফারেন্সর মাধ্যমে শিক্ষার্থীরা আরো ভালো জ্ঞান অর্জন করবে। যা দেশ ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরে উল্লেখযোগ্য গবেষণা উপস্থাপনার ওপর পুরষ্কার প্রদান করা হয়।








