
কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, উন্নত বিশ্বের সাথে বিজ্ঞান ও প্রযুক্তিগত প্রতিযোগিতায় আমরা অনেকটা পিছিয়ে। এখনই সময় বিজ্ঞান ও প্রযুক্তির আন্দোলনকে এগিয়ে নেওয়ার। ভবিষ্যৎ নির্মাণের জন্য তাই সর্বাগ্রে দরকার বাধাহীন বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা।
রোববার (২৪ নভেম্বর ২০১৯) বিকাল ৪.৩০টায় ‘বিশ্ব বিজ্ঞান দিবস’ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ‘চিটাগং সায়েন্স ফাউন্ডেশন’ এর আলোচনা সভা ও ‘বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড ২০১৯’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. ইমাম আলি একথাগুলো বলেন।
সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ড. মনজুর-উল-আমিন চৌধুরী’র সভাপতিত্বে ও সিএসএফ প্রেসিডেন্ট কল্যাণ চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রফেসর ড. বেনু কুমার দে। এবার বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড ২০১৯ হিসেবে সংবর্ধিত হলেন মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান প্রিন্সিপ্যাল ড. মোহাম্মদ সানাউল্লাহ।
এছাড়াও সংবর্ধনা দেওয়া হয় মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরোর ডিভিশনাল ডেপুটি চীফ আলী আহমেদ শাহিন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ:সম্পাদক কাঞ্চন মহাজন, সি প্লাস টিভির চীফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, রাজনীতিবিদ ও ছায়ানীড়ের পরিচালক দুলাল সরকার, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়ন (সিবিএ)’র সাংগঠনিক সম্পাদক মো. হারুন বাবর, ১১ নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার নিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, জে এম সেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহুরুল আলম, এয়াকুব আলি দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিপা চৌধুরী, জাতিসংঘ বিদ্যালয় সংস্থার চেয়ারম্যান প্রফেসর বেলায়েত হোসেন, প্রকৌশলী গোলাম ছরওয়ার চৌধুরী, শিবু সেনগুপ্ত প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রামের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে মেডিকেল, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারী-বেসরকারী ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক শ্রেণীর ১০০জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য যে ২০১০ সাল থেকে ‘চিটাগং সায়েন্স ফাউন্ডেশন’ ইউনেস্কো প্রণীত ১০ই নভেম্বরকে বিশ্ব বিজ্ঞান দিবস হিসেবে পালন করে আসছে।







