Site icon CPLUSBD.COM

বিটিভির মহাপরিচালক সপরিবারে করোনা আক্রান্ত

সিপ্লাস ডেস্ক: এবার করোনা ভাইরাসের থাবা পড়ল বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে। বিটিভির মহাপরিচালক এসএম হারুন অর রশীদ নিজের স্ত্রী ও কন্যাসহ সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিটিভির একটি সূত্রে বিষয়টি জানা গেছে।

হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরোনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে।

হারুন অর রশিদের সংস্পর্শে আসা বিটিভির সব কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে, শনিবার (২ মে) রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনও আসেনি। দেশে করোনাভাইরাস হানা দেয়ার পর রোববার পর্যন্ত ৫৪ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।