রাঙ্গুনিয়া প্রতিনিধি: নানা কর্মকান্ডে বিতর্কিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ‘জ্ঞানশরণ মহারণ্যে’র বৌদ্ধ ভিক্ষু শরণাংকর থের’র রাঙ্গুনিয়া প্রবেশ ঠেকাতে কমিটি গঠন করা হয়েছে।
১১৫ জন সদস্য বিশিষ্ট গঠিত এই কমিটির নাম দেওয়া হয়েছে ‘মুসলিম উম্মাহ ঐক্য পরিষদ’।
শরণাংকর ভিক্ষু ও তার সহযোগিদের আইনের আওতায় আনা এবং তার রাঙ্গুনিয়ায় প্রবেশের মাধ্যমে যেন সাম্প্রদায়িক দাঙ্গা লেগে না যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে নবগঠিত এই সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র, রাঙ্গুনিয়া থানার ওসি, পদুয়া ইউপি চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
এতে উল্লেখ করা হয়, ‘উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামে শরণাংকর ভিক্ষু কর্তৃক ধর্মের নামে সরকারি বন দখল ও বনভূমি উজাড়, জোরপূর্বক স্থানীয় নীরহ মানুষের জায়গা-জমি দখল, ঘর-বাড়ি উচ্ছেদ, ফলজ চারা কর্তন, হিন্দু সম্প্রদায়ের শশ্মান দখল, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক উষ্কানি, বিতর্কিত বিবৃতিতে মিথ্যাচারসহ বিভিন্ন বিতর্কিত কাজের বর্ণনা দিয়ে পৃথক পৃথক আন্দোলন কর্মসূচী থেকে তাকে রাঙ্গুনিয়ায় অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়।
শরণাংকর ভিক্ষু রাঙ্গুনিয়ায় আসতে চাইলে এলাকার মানুষ তাকে প্রতিহত করতে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার আশংকার কথা উল্লেখ করা হয় স্মারকলিপিতে। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা, বন বিভাগ ও স্থানীয় ভুক্তভোগীদের করা নানা মামলা সহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে স্মারকলিপিতে শরনাংকর ভিক্ষু ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়।’
সোমবার স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আজিম, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি নাছির উদ্দিন, জিয়াউর রহমান, মহির উদ্দিন রানা প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে একই ভাবে স্বরাষ্টমন্ত্রী, রাঙ্গুনিয়ার সাংসদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম জেলা প্রশাসক, রাঙ্গুনিয়া সার্কেলের এএসপিসহ বিভিন্ন দপ্তরেও এসব দাবীতে স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়।
সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দিন জানান, সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য উদাহারণ এই রাঙ্গুনিয়ায় অশান্তি সৃষ্টি আমরা কখনো কামনা করি না। আমরা হাজার বছরের এই সম্প্রতি বজায় রাখতে চাই। এই সাম্প্রদায়িক উষ্কানিদাতা শরণাংকর ভিক্ষুর সকল অপকর্মের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।








