সিপ্লাস প্রতিবেদক: বিদেশি মুদ্রা দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসা ২ জনকে নগদ ৪০ হাজার টাকা ও চারটি বিদেশি টাকাসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
জুবায়ের মোহাম্মদ হোসেইন নামের একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে অভিযানে গিয়ে এ চক্রের সন্ধান পায় কোতোয়ালী থানা পুলিশের একটি টিম।
গ্রেপ্তারকৃত দুইজন হল, বরগুনার মো. আবু হানিফের ছেলে মো. জয়নাল আবেদীন (৩৪) ও কুমিল্লার মো. হুমাউন কবিরের ছেলেমো. জাহান হোসেন প্রকাশ সুমন (২৮)।
অভিযানে প্রতারণার সাথে জড়িত রানা ও হালিম নামে ওই চক্রের দুজন সদস্য পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কোতোয়ালী থানায় সংবাদ সম্মেলন করে এসব কথা জানান কোতোয়ালী জোনের এসি নোবেল চাকমা।
তিনি বলেন, ‘অভিযোগকারী জুবায়ের মোহাম্মদ হোসেইন এনায়েত বাজার এলাকার এবি ব্যাংক থেকে ৭০ হাজার টাকা নিয়ে রওনা দেন। এক পর্যায়ে ঘটনাস্থলে গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালক মো. জাহান হোসেন প্রকাশ সুমন তাকে ডাক দিয়ে তার কাছে কিছু বিদেশি টাকার নোট আছে বলেন এবং ওই টাকাগুলো কোথায় গিয়ে বাংলাদেশি টাকায় রুপান্তর করা যাবে জানতে চায়। এক পর্যায়ে কৌশলে চারটি বিদেশি টাকা প্রদর্শন করে তার কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন।’

