একদিকে সরকার বিদ্যুৎ ও পানির দাম লাগামহীনভাবে বাড়িয়ে চলেছে, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর মত ব্যবসায়ীরা করোনা ভাইরাসকে পুঁজি করে মাস্ক ও পরিষ্কারক সামগ্রীর দাম আকাশছোঁয়া করে ফেলেছে । যা জনগণকে দিশেহারা করে দিয়েছে। এ ধরনের কর্মকান্ডে জনগণ সরকার ও মূনাফালোভী ব্যবসায়ীদের মধ্যে কোন তফাৎ দেখছেন না। অবিলম্বে বিদ্যুৎ ও পানির মূল্য মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করতে হবে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এ দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
বুধবার বিকালে নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার ও মাস্ক-সেনিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোক্তার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য কমরেড আবদুর রশীদ , কমরেড সুপায়ন বড়ুয়া, অধ্যাপক শিবু দাশ, বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলার সহ-সভাপতি আবুল মনসুর , সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, যুব নেতা পারভেজ রায়হান, বাংলাদেশ ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দিন সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা আরো বলেন, সরকার ইচ্ছা করলে দাম না বাড়িয়ে আরও কমাতে পারবে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্তের জীবন ধারণ কঠিন হয়ে দাঁড়িয়েছে, তার ওপর বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। সরকার অযাচিতভাবে পানি ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। পানি ও বিদ্যুতের সেক্টরে যে পরিমাণ লুটপাট, দুর্নীতি, অরাজকতা ও অব্যবস্থাপনা চলছে, সেগুলো বন্ধ করলে দাম বাড়াতে হবে না।
সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস নিয়ে বক্তারা বলেন , করোসা ভাইরাস সম্পর্কে আরো আগে থেকেই সরকারের কার্যকর ভুমিকা নেয়া প্রয়োজন ছিল। সরকারের পক্ষ থেকে সচেতনতামূলত কার্যক্রম আরো জোরদার এর পাশিপাশি মাস্ক সহ অন্যান্য পরিষ্কারক সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে আরো কঠোর ভুমিকা পালন করতে হবে।
বক্তারা চট্টগ্রাম নগরীতে মশা ও ধূলোর মাত্রা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।








