সিপ্লাস প্রতিবেদক: প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ১৯ আগষ্ট শনিবার থেকে খুলে দেয়া হয়েছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। খোলার পর থেকে বিনোদন কেন্দ্রগুলোতে ক্রমশই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা।
সোমবার (২৩ আগষ্ট) সরেজমিনে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, দীর্ঘদিন পর যেন প্রাণ খুঁজে পেয়েছে প্রতিটি বিনোদন কেন্দ্র। চট্টগ্রাম চিড়িয়াখানার প্রবেশমুখে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানাতে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, মুখে মাস্ক নিশ্চিত করণ, হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে প্রত্যেক দর্শণার্থীকে। চিড়িয়াখানায় বড়দের সাথে সাথে শিশুদের উপস্থিতিও ছিল চোখে পরার মত। অনেক দিন পর মানুষের দেখা পেয়ে চিড়িয়াখানার পশুপাখিগুলোও ছিল আগের চাইতে অনেক বেশি উৎফুল্ল,চেঁচামেছি বেড়েছে কয়েকগুণ।
স্বাস্থ্যবিধির বিষয়ে কি ব্যবস্থা রাখা হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ সিপ্লাস প্রতিবেদককে বলেন, প্রত্যেক দর্শণার্থীকে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে,মুখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। যাতে একই জায়গায় জনসমাগম বেশি না হয় সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে।
এদিকে পতেঙ্গা সমুদ্র সৈকত, কাট্টলি বীচ, সিআরবি ও ডিসি হিলেও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। অবশ্য এসব জায়গায় ঘুরতে আসা দর্শণার্থীদের মাঝে স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা দেখা গেছে। বেশিরভাগেরই মুখে মাস্ক ছিল না। শারীরিক দূরত্বের বালাইও ছিল না অনেকের মাঝে।
১৯ আগস্ট চট্টগ্রাম জেলা করোনাভাইরাস বিষয়ক সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দর্শনার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধানসহ ১৫টি নির্দেশনা দিয়ে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়।
বিস্তারিত ভিডিওতে..

