Site icon CPLUSBD.COM

বিপিএল শিরোপা জিততে হলে খুলনার প্রয়োজন ১৭১

বিপিএল প্রথম শিরোপার দুয়ারে রাজশাহী রয়েলস ও খুলনা টাইগার্স। দুই দলের সামনেই প্রথম শিরোপা জয়ের হাতছানি। বিপিএল সপ্তম আসরের ফাইনালে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭০ রান করেছে রাজশাহী। জয়ের জন্য মুশফিকদের করতে হবে ১৭১রান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ১৪ রানে ওপেনার আফিফ হোসেনের উইকেট হারায় রাজশাহী।

তিনে ব্যাটিংয়ে নেমে ওপেনার লিটন দাসের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন ইরফান শুক্কর। দলীয় ৬৩ রানে ফেরেন জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাস। তার আগে ২৮ বলে এক চার ও সমান ছক্কায় ২৫ রান করেন লিটন।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে ৩২ বলে ফিফটি তুলে নেন ইরফান। ঘরোয়া লিগের এ তারকা ক্রিকেটার আগের ম্যাচে করেছিলেন ৪৫ রান।

দলীয় ৯৯ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ইরফান শুক্কর আউট হওয়ার পর হাল ধরেন অধিনায়ক আন্দ্রে রাসেল ও মোহাম্মদ নওয়াজ। পাকিস্তান ব্যাটসম্যান নওয়াজকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান রাসেল।

ইনিংসের প্রথম ১৫ ওভারে ১০০ রান করা রাজশাহী পরের ৫ ওভারে তুলে নেয় ৭০ রান। শেষ ৩০ বলে অবিচ্ছিন্ন ৯১ রানের জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দেন রাসেল ও নওয়াজ। ১৬ বলে ২৭ আর ২০ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন রাসেল ও নওয়াজ।