Site icon CPLUSBD.COM

শিবির ক্যাডার সরোয়ার বিমানবন্দরে গ্রেপ্তার

চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী মো. সরোয়ার প্রকাশ বাবলাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছালে বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ বলেন, সরোয়ারের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি ফরোয়ানা থাকায় তাকে আমরা গ্রেপ্তার করি।

পুলিশ জানায়, গত বছরের শেষ দিকে কাতারে সাজ্জাদ আলীর আরেক সহযোগী ম্যাক্সনের সঙ্গে মারামারিতে জড়িয়ে সরোয়ার ও ম্যাক্সন দুজনই কাতার পুলিশের হাতে গ্রেপ্তার হন।

শনিবার সকালে কাতার থেকে সরোয়ার ঢাকা এসে পৌঁছলে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

সরোয়ার, ম্যাক্সন ও তাদের গুরু সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ ১৫টি মামলা ও ৩টি ডায়েরি রয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ঢাকা থেকে আমাদের খবর দেওয়া হয়েছে। সরোয়ারকে চট্টগ্রাম আনতে আমাদের একটা টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

সরোয়ার নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন খোন্দকারপাড়ার আবদুল কাদেরের ছেলে।