নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পেল ৭ কোম্পানি

বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পেল ৭ কোম্পানি
ছবি: সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদক: দেশের বিমানবন্দরগুলোতে দুই থেকে তিন দিনের মধ্যে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশের দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের জন্য সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। নমুনা পরীক্ষার মূল্য ও ল্যাব স্থাপনের সময় বিবেচনায় নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এসব ল্যাব অনুমোদন দিয়েছে। এসব বেসরকারি ল্যাবে প্রবাসী ও বিদেশগামীরা সর্বনিম্ন এক হাজার ৭০০ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার ৩০০ টাকায় নমুনা পরীক্ষা করাতে পারবেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক—এই সাতটি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করেছে স্বাস্থ্য অধিদফতর। এই সাতটি প্রতিষ্ঠানের মধ্যে স্টেমজ হেলথ কেয়ার তিন দিনের মধ্যে ল্যাব স্থাপন করতে পারবে বলে জানিয়েছে। তারা নমুনা পরীক্ষার মূল্য নির্ধারণ করেছে দুই হাজার টাকা। সিএসবিএফ হেলথ সেন্টারের ল্যাব স্থাপনে সময় লাগবে পাঁচ দিন, নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৫০০ টাকা।

এছাড়া এএমজেড হাসপাতাল পাঁচ দিনে ল্যাব স্থাপন করতে পারবে, নমুনা পরীক্ষার খরচ নেবে এক হাজার ৮০০ টাকা। আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল চার দিনে ল্যাব স্থাপন করতে পারবে বলে জানিয়েছে। তারা নমুনা পরীক্ষার খরচ দেখিয়েছে ২ হাজার টাকা। জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ ল্যাব স্থাপনে ছয় দিন সময় চেয়েছে এবং পরীক্ষার খরচ ১ হাজার ৭০০ টাকা। পাঁচ দিনে ল্যাব স্থাপন করতে পারবে বলে জানিয়েছে গুলশান ক্লিনিক। তাদের নমুনা পরীক্ষার খরচ এক হাজার ৭৫০ টাকা। ডিএমএফআর ল্যাব স্থাপনে সময় চেয়েছে চার দিন, নমুনা পরীক্ষার খরচ দুই হাজার ৩০০ টাকা।

সচিব জানান, বিমানবন্দরে দ্রুত ও কম খরচে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সাতটি বেসরকারি ল্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল (বুধবার, ১৫ সেপ্টেম্বর) থেকে তারা ল্যাব বসানোর কাজ শুরু করবে। তিন থেকে ছয় দিনের মধ্যে এসব ল্যাব চালু হবে।

বিমানবন্দরে প্রবাসীদের জন্য পিসিআর ল্যাব স্থাপনে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশের পরে এই ল্যাবগুলো প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেও জানান সচিব।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here