সিপ্লাস ডেস্ক: এই প্রথমবারের মতো বিল্টইন ১ টেরাবাইট স্টোরেজের ফোন নিয়ে আসছে অ্যাপল। “আইফোন ১৩ প্রো” এবং “আইফোন ১৩ প্রো ম্যাক্স”-এ এই সুবিধা থাকছে।
১ হাজার ৪৯৯ ডলার বা ১ লাখ ২৭ হাজার টাকা মূল্যের আইফোনের এই ভার্সনটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে দামি মোবাইল ফোন।
অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, এই সিরিজের ফোনের সঙ্গে নতুন অ্যাপল ঘড়ি এবং আইপ্যাডও এনেছে তারা। কোনো কোনো দেশে আইফোন ১৩ প্রো এবং ১৩ প্রো ম্যাক্স শুক্রবার পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে এবং আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই পাওয়া যাবে। এছাড়া, সিস্টেম সফটওয়্যার আইওএস ১৫ আগামী ২০ সেপ্টেম্বর আসছে।
ফোনের স্টোরেজ অপশন আপগ্রেড করার জন্য কয়েক বছর ধরেই সমালোচিত হচ্ছিল অ্যাপল। তাই এই সর্বশেষ আইফোন ১৩ প্রো-এর স্টোরেজের দিকে মূল ফোকাস করেছে তারা। একই সঙ্গে, নতুন ফিচার হিসেবে উচ্চমানের ভিডিও রেকর্ডিং সিস্টেম “প্রোরেস” যুক্ত করা হয়েছে। ডিভাইসটির ১২৮ জিবি ও ৫১২ জিবি সংস্করণও পাওয়া যাবে।
এদিকে, “সবচেয়ে ব্যয়বহুল” আইফোনের দাম বাড়ানোর একমাত্র কারণ স্টোরেজ নাও হতে পারে বলে মনে করছেন অনেকেই। সিনেট ডট কমের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতেও উন্নত এবং টেকসই প্রযুক্তি ব্যবহারের জন্য ২০% খরচ বাড়ানোর লক্ষ্য নিয়েছিল প্রতিষ্ঠানটি।
আইফোন ১৩ প্রো ম্যাক্স এর আগে সবচেয়ে ব্যয়বহুল আইফোন ছিল আইফোন ১২ প্রো ম্যাক্স।

