রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ও বাঙালিদের মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (০৫ অক্টোবর) দুপুরে বিহারি ক্যাম্পে মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে বিহারিদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের নেতাকর্মীদের দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
জানা গেছে, এই সংঘর্ষের পেছনে বিহারি ক্যাম্পে নিয়মিত ফ্রি বিদ্যুৎ সংযোগের বিষয়টি জড়িত রয়েছে।
সংঘর্ষের বিষয়ে কয়েকজন বিহারি জানান, ইদানিং ক্যাম্পে প্রায়েই বিদ্যুৎ সংযোগ থাকছে না। সমস্যা সমাধানের দাবিতে আমরা রাস্তায় অবস্থান নিলে তাতে স্থানীয় কাউন্সিলর মিজান বাধা দেন। ফলে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষ কয়েক দফা চলে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-র্যাব বিহারিদের ওপর রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বিহারিরা এবং কাউন্সিলর মিজানের লোকজন বেশ কয়েক জায়গায় আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








