সিপ্লাস ডেস্ক: কিছুদিন আগেই বিয়ে করেছেন জাতীয় দলে এক সময়ের নিয়মিত মুখ নাসির হোসেন। যদিও বিয়ের পর মোটেও স্বস্তিতে ছিলেন না। বিতর্কিত খবরের শিরোনাম হতে হয়েছে বিয়ে নিয়েও। সেই নাসির মাঠে নেমে প্রমাণ করলেন এসবের কিছুই তার খেলায় প্রভাব ফেলেনি। বরং বেশ কিছু দিন ধরেই ছন্দহারা নাসির জানান দিলেন এখনো ফুরিয়ে যাননি তিনি। জাতীয় ক্রিকেট লিগে সেঞ্চুরির পর বল হাতে ৪ উইকেট নিলেন এই স্পিনিং অলরাউন্ডার।
বুধবার (২৪ মার্চ) বিকেএসপিতে প্রথম রাউন্ডে প্রথম স্তরের ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন রংপুর বিভাগের নাসির হোসেন। দলের প্রথম ইনিংসে খেলেছেন ১১৫ রানের ইনিংস। পরে বোলিংয়েও দেখান ঝলক। সুবাদে ঢাকা বিভাগের বিপক্ষে লড়াইয়ে ফিরেছে রংপুর।
প্রথম ইনিংসে ঢাকা বিভাগের ৩৬৫ রানের জবাবে ২৩০ রানে অলআউট হয় রংপুর। এর মধ্যে নাসিরের অবদান ১১৫ রান। রংপুরের ব্যাটিং শেষে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ১২৮ রানেই গুটিয়ে যায় ঢাকা। বল হাতে মাত্র ২১ রানে ৪ উইকেট নেন নাসির।
জয়ের জন্য রংপুরের সামনে লক্ষ্য ২৬৪ রান। যা তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৩৫ রান করেছে দলটি। বৃহস্পতিবার ম্যাচের শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে ২২৯ রান করতে হবে রংপুরকে।
নাসিরের সেঞ্চুরিটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার অষ্টম সেঞ্চুরি। আগের দিনের ৯৩ রান নিয়ে ব্যাটিং শুরু করে এদিন দলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। তার ২৫২ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৪টি ছক্কা।








