রাউজান প্রতিনিধিঃ রাউজানে বিয়ের পিঁড়িতে বসার পূর্বে সুমিতা দে (১৮) নামের কনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাউজান পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া গ্রামের দাশ পাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত কনে লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকার মৃদুল দে’র মেয়ে।
জানা যায়, কনে সুমিতা দে রাউজানে মামার বাড়িতে থেকে পড়াশুনা করত। গত বুধবার (১২ আগষ্ট) তার আর্শিবাদ অনুষ্ঠান হয়েছিল।
বৃহস্পতিবার রাউজান রাস বিহারী ধাম কেন্দ্রীয় মন্দিরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল। সকাল হতে রান্নার প্রস্তুতি চলছিল। রাসবিহারী ধামে প্রস্তুত ছিল বিয়ের মন্ডপ। মন্দিরের চারপাশে সাজসাজ রব। সাতকানিয়া উপজেলার বর অভিষেক দে উপস্থিত হন বিয়ের আসরে। এমন সময় খবর আসে নববধু আর নেই। নিমিষের আনন্দের আসর পরিণত হয় বিষাদে।
খবর ছড়িয়ে পড়ে পার্লারে যাওয়ার পথে নববধু সুমিতা দে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে, নাম প্রকাশে অনিশ্চুক স্থানীয়রা জানান,মামার পরিবারের লোকজনের সাথে অভিমান করে অতিরিক্ত ঘুমের ঔষধ সেবনে মেয়েটির মৃত্যু হয়েছে। এদিকে খবর শুনে রাস বিহারী ধাম মন্দির হতে মেয়ের মামার বাড়ি ছত্রপাড়ায় ছুটে যান বর অভিষেক। তিনি দাবী করেন তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবী করেন।
ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোন সংবাদ পায়নি।








