সিপ্লাস ডেস্ক: নোয়াখালীর মাইজদী শহরে ব্যাগের ভিতরে বিয়ের শেরওয়ানি ও পাগড়ি নিয়ে অটোরিকশায় করে দুই যুবক যাচ্ছিলেন বিয়ে করতে। কিন্তু চেকপোস্টে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে তারা হাসপাতালে যাচ্ছেন বলে ম্যাজিস্ট্রেটকে জানান তারা। তবে সন্দেহ হলে প্রশাসনের চাপে ব্যাগ থেকে বেরিয়ে আসে বিয়ের শেরওয়ানি ও পাগড়ি।
রোববার ( ২৫ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে জেলা স্কুলের সামনে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বলেন, অটোরিকশায় করে কোথাও যাচ্ছিলেন দুই যুবক। জিজ্ঞাসাবাদের জন্য সিগন্যাল দেওয়া হলে অটোরিকশা থামানো হয়। জিজ্ঞেস করলাম, এ সময় কোথায় যাচ্ছেন? তারা বললেন, হাসপাতালে যাচ্ছি। সঙ্গে থাকা ব্যাগ দেখে একটু খটকা লাগায় বললাম, ব্যাগটা একটু দেখব। বাধ্য হয়ে লোকটি ব্যাগটা এগিয়ে দিলেন। আর এতে ছিল বিয়ের শেরওয়ানি আর পাগড়ি।
এরপর জিজ্ঞেস করলাম, হাসপাতালে কি আজকাল বিয়েও হয়? লোকটি স্বীকার করে বললেন, মিথ্যা বলেছি। তবে তাকে সতর্ক করে বাসায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।








