Site icon CPLUSBD.COM

বিয়ে বাড়িতে ইউএনওকে দেখে রাতের আধাঁরে বরকে রেখে পালালেন সবাই

সীতাকুণ্ডে ইউএনও’র হস্তক্ষেপে দশম শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ

ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর ধালা গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে জরিমানা করা হয়েছে। এ সময় বর যাত্রীরা বরকে ফেলে পালিয়ে যায়।

রবিবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করেন।

স্থানীয়রা জানান, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে নয়ন হোসেন (১৬) এর সাথে লক্ষ্মী নারায়ণপুর ধলা গ্রামের সাইকেল মিস্ত্রি রাজু আহমেদ-এর সপ্তম শ্রেণীতে পড়ুয়া কন্যা আজমিরা খাতুন (১৪)-এর বিয়ের আয়োজন চলছিল। রাতে বিয়ে পড়ানোর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বিয়ে বন্ধ করতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম পুলিশের একটি দল নিয়ে কনের বাবার বাড়িতে পৌঁছান।

ইউএনও’র উপস্থিতি টের পেয়ে বর ফেলে বরযাত্রীরা রাতের আঁধারে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় অপ্রাপ্ত বয়সী কন্যার বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, বাল্য বিয়ের আয়োজন করায় ঘটনাস্থলে পৌঁছে কনের বাবা রাজু আহমেদকে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উভয় পরিবারকে বিয়ে না দেয়ার জন্য সতর্ক করা হয়।