Site icon CPLUSBD.COM

বুধবার দুবাই যাবে বিমানের অতিরিক্ত দুটি ফ্লাইট

সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মধ্যে আমিরাতে বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের আগে বুধবার ঢাকা থেকে দুবাইয়ে অতিরিক্ত দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

রাষ্ট্রায়াত্ত বিমান সংস্থাটির জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সোমবার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “সংযুক্ত আরব আমিরাত ১৩ মে থেকে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় যাত্রীদের সুবিধার্থে আগামী ১২ই মে (বুধবার)  বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দুবাইয়ের পথে দুটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।”

এই বিষয়ে কোনো তথ্য জানতে কিংবা টিকেট পেতে বিমানের সেলস্ অফিস, ওয়েবসাইট, কিংবা ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে বাংলাদেশ থেকে কিছু দেশে বিমান চলাচল বন্ধ রয়েছে।

এই তালিকায় আমিরাত না থাকলেও সোমবার ওই দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশসহ চারটি দেশের যাত্রীদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

বাংলাদেশ থেকে কেউ আরব আমিরাতে ঢুকতে না পারলেও ফ্লাইট চালু থাকবে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।