সিপ্লাস ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের ঝুলন্ত ও রামগড়ে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মানিকছড়ির উত্তর ডলু এলাকায় নিজ বসতবাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা হতে পারে।
তিনি বলেন, আনোয়ার হোসেন কিছুদিন আগে ভোলায় দ্বিতীয় বিয়ে করেন। এ কারণে মানিকছড়িতে জায়গা-জমি বিক্রি করে দ্বিতীয় বউয়ের কাছে চলে যান তিনি। সেখান থেকে কয়েক দিন আগে মানিকছড়িতে আবার ফিরে আসেন। আসার পরে তার দ্বিতীয় স্ত্রী ভোলায় যাওয়ার জন্য চাপ তৈরি করে। এরই জেরে আত্মহত্যার পথ বেছে নিতে পারে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড়ে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজারের পেছনের একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, নুরুল আবছারের বাড়ির মানুষজন পুকুরে ভেসে উঠা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ ও স্থানীয়রা তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেননি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ছাড়া এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হবে। তদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া এবং তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।








