Site icon CPLUSBD.COM

বেত্রাঘাতে শিক্ষার্থীকে রক্তাক্ত, হাটহাজারীতে মাদ্রাসা পরিচালক আটক

সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীতে সহপাঠীর সঙ্গে ধাক্কাধাক্কি করায় এক শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাফেজ কামাল উদ্দিন (৫৩) নামে এক মাদ্রাসা পরিচালককে আটক করেছে পুলিশ।

শিক্ষকের বেধড়ক পিটুনির শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীর নাম মো. ওসমান (১২)। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

সোমবার সকালে পৌরসভা এলাকার ফটিকা কামালপাড়ার বায়তুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর পরই ওই দিন বিকালে অভিযুক্ত মাদ্রাসার পরিচালককে আটক করে পুলিশ।

আটক মাদ্রাসা পরিচালক পৌরসভার আলীপুর ৪নং ওয়ার্ডের মৃত তোফায়েল আহমদের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীর বাবা আবুল কাশেম রাতে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা (নং-৩৭) করেছেন বলে জানান হাটহাজারী মডেল থানার পরিদর্শন (তদন্ত) রাজিব শর্মা।

সূত্র জানায়, সোমবার সকালে মাদ্রাসায় ওসমানের সঙ্গে তার এক সহপাঠীর ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিষয়টি মাদ্রাসার পরিচালক মাওলানা কামাল জানতে পারলে তিনি এ নিয়ে শিক্ষার্থী ওসমানের ওপর চড়াও হয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। পরবর্তীতে বিষয়টি ওসমানের বাবা-মা জানতে পারেন।

এর মধ্যে বিকাল নাগাদ ঘটনাটি এলাকায় জানাজানি হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন ও থানা পুলিশ গিয়ে শিশুটির খবর নিয়ে ঘটনার সত্যতা পান। পরে বিকালে ইউএনও পুলিশের সহযোগিতায় মাদ্রাসা থেকে হাফেজ কামাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত মাদ্রাসা পরিচালককে পুলিশের সহযোগিতায় ইউএনও আটক করে থানায় সোপর্দ করেছেন।

এ ঘটনায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থী বাবা মামলা রুজু করেছে।