এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ ও গতিশীল করার আহবান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
তিনি বুধবার (১৬ জুন) বাদে আছর বিশ্বের নামী দামী ব্রান্ডের পারফিউমস ও ঘড়ির বিপুল সমাহার নিয়ে আবুধাবীর সর্ববৃহৎ বিপনী’ ‘ডেলমা মলে’ বাংলাদেশী মালিকানাধীন প্রথম প্রতিষ্ঠান সুইস গ্যালারীর উদ্বোধন কালে এ আহবান জানান।
প্রতিষ্ঠানটি উদ্বোধনকালে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর চৌধুরী, জনতা ব্যাংকের সিইও আমিরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সহসভাপতি শওকত আকবর, সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ শিল্প নগরী মোচ্ছাফ্ফা শাখার সাবেক সভাপতি ব্যবসায়ী নাজিম উদ্দীন, প্রতিস্ঠানটির ব্যবস্হাপক হাবীবুর রহমান হাবীিবসহ অন্যান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত দেশীয় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজারের অধিক দেশীয় ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে যাতে এক লাখের অধিক দেশীয় শ্রমিক কর্মরত আছেন। এ ধারা অব্যাহত রেখে করোনাময় এ সময়ও প্রবাসীরা নতুন নতুন প্রতিষ্ঠান চালু করে দেশীয় কর্মীদের কর্মসংস্হান যেমন সৃষ্টি করছেন তেমনি ভাবে আমিরাত হতে রেকর্ড পরিমান রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। তিনি ডেলমা মলের মত অভিজাত বিপনীতে দেশীয় প্রতিষ্ঠান চালু করাতে প্রতিস্ঠানের মালিক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর চৌধুরীকে অভিনন্দন জানান।
সাথে সাথে এ আউট লেটে নামী দামী ব্রান্ডের পারফিউমস সরবরাহ করে এ প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখাতে সরবরাহ প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য , আবুধাবীর হামদানসহ, মোচ্ছাফ্ফার মাজিয়াত মলে এ গ্রুপের আরো আটটি শো রুম রয়েছে। যাতে বিশ্বের নামীরদামী ব্রান্ডের পারফিউমস, ঘড়ি, চশমা ও প্রসাধন সামগ্রী রয়েছে।

