নিউজটি শেয়ার করুন

বৈরুতে বিস্ফোরণ: যেন ‘দোজখ’ নেমে এসেছিল

সিপ্লাস ডেস্ক: লেবাননে বিস্ফোরক দ্রব্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তুপে পরিণত হওয়া বৈরুতে এখনও নিখোঁজ শত শত মানুষের সন্ধান করছে উদ্ধারকর্মীরা।

মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটে। এর তীব্রতা এতটাই ছিল  যে গোটা শহরই ভূমিকম্পের মত কেঁপে ওঠে।বহুদূর পর্যন্ত বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কম্পন অনুভূত হয় ২৪০ কিলোমিটার দূরের দ্বীপরাষ্ট্রেও। অনেকেই মনে করেছিলেন ভূমিকম্প হয়েছে। ভয়াবহ এ বিস্ফোরণ প্রাণ কেড়ে নিয়েছে ১শ’রও বেশি মানুষের। আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ।

লন্ডভন্ড হয়েছে গোটা শহর। প্রত্যক্ষদর্শীদের কাছে এ যেনো এক নারকীয় ধ্বংসযজ্ঞ। বিস্ফোরণের সেই ভয়াবহতার চিত্র উঠে এসেছে বৈরুতের মার মিখায়েল এলাকার বাসিন্দাদের কথায়।

‘দোযখ নেমে এসেছিল’

বাসিন্দা আলি জাকারির কথায়, “প্রকাণ্ড একটা শব্দ, কোনওকিছুর আঘাত লাগল। মুহূর্তের জন্য জ্ঞান হারাই, আধামিনিট, একমিনিট… যেনো দোযখ নেমে এসেছিল।”

“মানুষজনের চিৎকার, চেঁচামেচি, আমরা চারিদিকে ছিটকে পড়ছিলাম, আগুনের ফুলকি উড়ছিল।”

আরেক বাসিন্দা তেরেজ তার অভিজ্ঞতার বর্ণনায় বলেন, “আমি কাজে যাচ্ছিলাম, বসতে যাওয়া মাত্রই পুরো অফিস আমার মাথার ওপরে এসে পড়ল।”

“আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না, সেটা বিস্ফোরণ না কী ছিল তা আমি জানিনা…কেবল বুঝতে পেরেছি, আমি উড়ে গিয়ে ধ্বংসস্তুপের নিচে পড়েছি।”

আলি ইরানি নামের আরেক বাসিন্দা বলেন, “আমি প্রায় ৫শ’ মিটার দূরে মহাসড়কে ছিলাম। বিস্ফোরণের ধাক্কায় আমার গাড়ি প্রায় ৫ মিটার দূরে গিয়ে পড়ে। উড়ে যায় জানালা।”

‘ভাঙা কাচের ঘূর্ণিঝড়’

বৈরুতে ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার এক সাংবাদিক বিবিসি রেডিও ফাইভ লাইভে বলেছেন, জানালার ভাঙা কাচের ঘূর্ণিঝড়ে পড়েছিলেন তিনি… এরপরই তিনি দেখেন বাড়ি ভেঙে পড়েছে। আশেপাশের বাড়িঘরও ভেঙে চুরমার হয়েছে।

বিবিসি’কে আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে কিছুক্ষণের জন্য তার কানে তালা লেগে গিয়েছিল। বুঝতে পেরেছিলেন কিছু একটা ঘটেছে। আর তারপরই আশেপাশের দোকান, বাড়িঘর সবকিছু থেকে বৃষ্টির মতো কাচ ভেঙে পড়তে দেখেন তিনি।

ভয়ঙ্কর অভিজ্ঞতা হাসপাতালেও:

প্রকাণ্ড বিস্ফোরণে হাসপাতালও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক চিকিৎসক। তিনি জানান, তাৎক্ষণিকভাবে হাসপাতালের গাড়ি পার্কিং এলাকাতেই লোকজনের চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে।

মানুষজন আতঙ্কিত ছিল। হাসপাতালের অনেক কর্মচারীও মারাত্মক আহত হয়েছিল। তারপরও তাদেরকে আইসিইউ তে থাকা রোগীদের দেখভাল করতে হয়েছে।

হাসপাতালের বিপর্যয়কর অবস্থার বর্ণনা দিয়েছেন বৈরুতের এক বাসিন্দাও। হাসপাতালের মাটিতে ১শ’ দেড়শ মানুষকে পড়ে থাকতে দেখেন তিনি।

তার কথায়, চারিদিকে রক্ত, লোকজন আর্তনাদ করছে। এরকম দৃশ্য জীবনে কখনও দেখিনি।  যেনো মনে হচ্ছিল এক হলিউডি সিনেমার দৃশ্য। কিন্তু দুঃখজনক, এমনটি সত্যিই ঘটেছে।