নিউজটি শেয়ার করুন

বৈরুত বিস্ফোরণে নিহত বেড়ে ১০০

সিপ্লাস ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে মারাত্মক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। আহতদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) লেবাননের রেড ক্রসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফক্সনিউজ।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত। এ ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে গত ছয় বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।

এদিকে এ ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এবং দু’সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।