Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান: বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার

বোয়ালখালীর হোরার বাগ এলাকার একটি বাড়িতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

শনিবার র‌্যাবের অভিযানে সেখান থেকে অস্ত্রসহ বিপুল পরিমান অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।

এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে ‘অস্ত্র কারখানার’ সন্ধান পেয়েছে বলে জানায়  র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তবে অভিযানের সময় চেয়ারম্যান এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা  থেকে বিকেল পর্যন্ত উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে শুরু হওয়া র‌্যাবের অভিযান চলে।

হোরারবাগ গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দুই বছর আগে তার বাড়িতে নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশও চোরাই মোটর সাইকেল ও অস্ত্রের সন্ধানে একদফা অভিযান চালিয়েছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‌্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ  বলেন, ‘সীমানা দেওয়াল দিয়ে ঘেরা চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়ির ভেতরে বাঁশের তৈরি একটি ঘরে অস্ত্রের কারখানা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি। তারা অস্ত্র কারখানার সঙ্গে সম্পৃক্ত কিনা সেটা আমরা তদন্ত করে দেখব।’