বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী সারোয়াতলীতে অসতর্কতার কারণে গ্যাসের চুলা থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতি হয়েছে ২ লক্ষ টাকা।
শনিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ০১নং ওয়ার্ডে জোটপুকুর সংলগ্ন জাগের হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে জোটপুকুর এলাকার মানিক নামের এক দোকানদার স্থানীর ভাইস চেয়ারম্যানকে অবগত করলে তিনি তৎক্ষণাৎ বোয়ালখালী ফায়ার সার্ভিসকে জানান। তবে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে আসার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত আবু তাহের জানান, অসতর্কতাবশত গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এতে ২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। স্থানীয়দের কারণে বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। এতে আমার মা ও ছোট ভাইয়ের স্ত্রীসহ পরিবার বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, অসাবধানতাবশত গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গেলে তার পূর্বে স্থানীয় জনসাধারণ আগুন নিয়ন্ত্রণ আনে।








