নিউজটি শেয়ার করুন

বোয়ালখালীতে করোনায় মৃতদের দাফনে জমি দিলেন নুরুল আলম

বোয়ালখালী প্রতিনিধিঃ করোনায় মৃতদের লাশ দাফনে বাধা দেয়া হচ্ছে অনেক স্থানে। এমনকি লাশ বহনে খাটিয়াও দেয়া হচ্ছে না। প্রায়ই এমন খবর আসছে গণমাধ্যমে।

এই পরিস্থিতিতে করোনায় মৃতদের দাফনের জন্য জমি দিলেন বোয়ালখালী সন্তান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আলম। বেওয়ারিশ লাশ আর গ্রামের মৃত ব্যক্তিদের দাফনের জন্যই এই জমি কিনেছিলেন তিনি। কিন্তু বর্তমানে করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে বিভিন্ন স্থানে লাশ দাফনে বাধা দেয়ার ঘটনা দেখে নুরুল আলম এই সিদ্ধান্ত নেন।

বোয়ালখালী যেকোনো জায়গা থেকে আনা লাশ এই কবরস্থানে দাফনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন তিনি। এমন উদ্যোগকে মানবিকতার বড় উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা। করোনায় মারা যাওয়া মানুষের লাশ দাফনের এই উদ্যোগের ঘোষণা নুরুল আলম তার ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, প্রিয় বোয়ালখালীবাসী আসসালামু আলাইকুম। যে সব মুসলিম ভাইদের (সাধারন/করোনায় মৃত্যু) লাশ কবর দেওয়ার জন্যে কবরস্থান সংকট আছে তাঁহাদের জন্যে খিতাপচর গ্রামে ০৮ শতক জায়গার উপর নির্মিত কবরস্হানে কবর দেওয়ার সু-ব্যবস্থা আছে। প্রয়োজনে বিনা মূল্যে কাপনের কাপড়ের ব্যবস্হাও আছে। দয়া করে বিনা সংকুচে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। মোবাইল নং- 01819326748 / 01821974920।

এই উদ্যোগের বিষয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আলম বলেন, নিজ গ্রাম এলাকায় ০ ৮ শতাংশ জমি ক্রয় করি। উদ্দেশ্য গ্রামে একটি কবরস্থান তৈরি করা। যেখানে স্থানীয়দের মৃতদেহ দাফনের পাশাপাশি বেওয়ারিশদের লাশও দাফন করা হবে। কিন্তু প্রাণঘাতি করোনায় দেশ আক্রান্ত হওয়ার পর দেখা যাচ্ছে অনেক জায়গায় লাশ দাফনে বাধা দেয়া হচ্ছে। এমনকি লাশ বহনের জন্য খাটিয়াও দেয়া হচ্ছে না। এটা দেখে অনেক কষ্ট লাগেছে। পরে সিদ্ধান্ত নেন বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি এখানে করোনায় মৃতদের লাশও দাফনের ব্যবস্থা করা হবে। তবে এই কবরস্থানে এখনও কোনো লাশ দাফন করা হয়নি।