বোয়ালখালী প্রতিনিধিঃ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনে কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ১ হাজার দুইশত বিশটি খামার মালিক।
সারা বছর খামারে পরিশ্রম ও বিপুল অর্থ বিনিয়োগ করার পর এখন পশুর বাজার ও দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
মৌসুমী ব্যবসায়ী ফ্রেন্ডস এগ্রো ফার্ম এর মালিক নজরুল ইসলাম হিরু জানান, এবার কোরবানি সামনে রেখে লাভের আশায় গরু প্রস্তুতের জন্য বিনিয়োগ করেছি প্রচুর অর্থ। কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এবং লকডাউন শুরু হতে যাওয়ায় এখন বিক্রি নিয়ে দুশ্চিন্তায় আছি। পশুর ন্যায্য দাম পেলে আর্থিকভাবে মারাত্মক ক্ষতিতে পড়তে হবে।
শাকপুরা গ্রামের প্রান্তিক খামার মালিক আবদুল মান্নান জানান, কোরবানি সামনে রেখে পরিবারের সর্বস্ব ব্যয় করে ৩টি গরু মোটাতাজা করেছেন। নিজে ঠিকমতো না খেয়ে গরুর পেছনে ব্যয় করেছেন অর্থ ও শ্রম। এখন দেশের যে অবস্থা, তাতে সঠিক দাম না পেলে পথে বসতে হবে।
বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, করোনার পরিস্থতি বিবেচনা করে বড় বড় হাটগুলোতে আমাদের ভেটেরিনারি মেডিক্যাল টিম থাকবে, কোন অসুস্থ পশু যাতে হাটে না আসে কিংবা আসলেও সেটাতে আইসোলেশন এবং কোয়ারেন্টাইন এর ব্যবস্থা গ্রহন। হাটে কোন ধরনের এন্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। হাতুড়ে ডাক্তার অসদুপায় অবলম্বন করে কোন ধরনের ক্ষতি যাতে না করতে পারে সে ব্যবস্থা গ্রহন করা। গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা করা সহ কঠোর নজরদারিতে থাকবে টিম।
বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সেতু ভূষন দাশ জানান, গত বছরও কোরবানির সময় করোনা পরিস্থিতি ছিল। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই এবারও স্বাস্থবিধি মেনে কোরবানের পশুরহাট বসবে। কোরবানিকে সামনে রেখে প্রস্তুত করা পশুর ন্যায্য দাম পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরো জানান, কোরবানি সামনে রেখে এবার উপজেলার ছোট-বড় মিলিয়ে ১২২০ টি খামারে ষাড় ১৮ হাজার ৪শত ২৬টি, বলদ ৬হাজার ৭শত ৮৩টি, গাভী ৮শত ৯১টি, মহিষ ৪হাজার ৪শত ৫৩টি, ছাগল ৬হাজার ১শত ২৬টি ও ভেড়া ১হাজার ৬শত ৮টি।এছাড়াও কোরবানের আগে এক তৃতীয়াংশ বাহিরের পশু আসবে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, স্বাস্থ্য বিধি মেনে কোরবানির জন্য গবাদি পশুর হাট বসানো হবে। ওইভাবে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। তবে কয়টি স্পটে পশুর হাট বসবে সেটি মিটিং করে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।








