বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে নতুন করে আরো ৭ জন ব্যক্তির করোনা সনাক্ত হয়েছে।
সোমবার (১৮ মে) ৭ জনের করোনা টেস্টে পজিটিভ বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমান।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার ২ জন, স্যানিটারী ইন্সপেক্টর ১ জন, জুনিয়র মেকানিক ১ জন। এছাড়া পৌরসভা ১জন, চরনদ্বীপ ১ জন এবং শ্রীপুর খরনদ্বীপ ১ জন।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক তাদের সকলকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ জিল্লুর রহমান বলেন,গত ১২মে নমুনা সংগ্রহ করা হয় এবং ১৭/০৫/২০২০ তারিখে রেজাল্ট পজিটিভ আসে।
বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডে করোনা সনাক্ত হওয়া ২২ বছর বয়সী ব্যক্তির হোম আইসোলেশনে নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ তার বাড়ি সরেজমিন পরিদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন,বর্তমানে তার কোন অসুস্থতার লক্ষন না থাকায় স্বাস্হ্য কর্মকর্তা কর্তৃক তাকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়। এর মধ্যে কোন ধরণের অসুস্থতা বোধ করলে স্বাস্হ্য কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়।
এসময় তার পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়।








