বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে নিখোঁজ হওয়ার ৬ দিন পরও হদিস মেলনি গৃহবধু ইয়াছমিন আক্তার রিনা (২৬) ও তার একমাত্র সন্তান আরিফের (১১)।
গত বুধবার (২৪ জুন) সকালে বাপের বাড়ী যাওয়ার পথে ছেলে সহ নিখোঁজ হন এ গৃহবধু। সে উপজেলার পশ্চিম গোমদন্ডী দরবেশ আলী মেম্বারের বাড়ীর মোহাম্মদ আবু শাহ’র স্ত্রী ও মোঃ আরিফ তাদের একমাত্র ছেলে।
সে স্থানীয় বশরত নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে অধ্যায়ন করে।
এদিকে নিজের স্ত্রী ও একমাত্র সন্তানের সন্ধান চেয়ে গত বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরী করেন মোঃ আবু শাহ। তার দাবী- গত বুধবার সকালে নিজ বাড়ীর গাছের কাঠাল নিয়ে বাপের বাড়ীর উদ্দেশ্যে ঘর হতে বের হন আমার স্ত্রী ইয়াছমিন আক্তার রিনা ও ছেলে মোঃ আরিফ। এর পর থেকে তাদের সাথে কোন মতে যোগাযোগ করতে পারছিলাম না। পরে শ্বশুর বাড়ীতে খবর নিয়ে জানতে পারি তারা সেখানেও যায়নি। গত ৪/৫ দিন ধরে সকল আত্নীয়-স্বজনদের বাড়ীতে খবর নিয়েও কোন হদিস পাইনি।
অবশেষে গত বৃহস্পতিবার রাতে আমি বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করি। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম বলেন- নিখোঁজদ্বয়ের পরিবারের পক্ষ হতে জিডি দায়েরের পর বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে। পুলিশী তৎপরতা অব্যাহত আছে।
এদিকে নিখোঁজ হওয়ার ৬ দিনের মাথায় ও মা-ছেলের কোন হদিস না মেলায় তাদের পরিবারে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে বলে জানা গেছে।

