বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে শ্রাদ্ধ অনুষ্ঠান করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শ্রাদ্ধের খাবার বিলিয়ে দেওয়া হয় দরিদ্র ও প্রতিবেশীদের মাঝে।
রবিবার (১৭ মে) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযান সূত্রে জানা যায়,সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রাদ্ধ আয়োজন করলে নিয়মিত টহলে থাকা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী উপস্থিত হন।
মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতায় ছিলেন ১৮ বীর ব্যাটেলিয়ন এর সেনা সদস্যবৃন্দ।
প্রায় ৫০০ মানুষের খাওয়ার আয়োজন করে মায়ের ‘কর্ম’ করছিলেন মুকুন্দ লাল চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী। তিনি মন্ত্রপাঠরত থাকায় তার অভিভাবক দের কাছে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এত লোক সমাগমের আয়োজন এর বিষয়ে জানতে চাইলে তারা অপরাধ স্বীকার করে নেন।
সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন,তাৎক্ষণিক ভাবে ধর্মীয় আচার ব্যাতীত খাওয়ার আয়োজন বন্ধ করে দেওয়া হয়। অবশিষ্ট প্রায় ২৫০ লোকের খানা আশেপাশের গরীব ও প্রতিবেশিদের বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত ইউনিয়নের বাসিন্দা একজন ব্যক্তি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে আইসোলেশন এ আছেন।








