বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও হাট-বাজারে সেই ‘সামাজিক দূরত্ব’ অনেকেই মানছেন না। হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা প্রায়ই একে অন্যের গা-ঘেঁষে দাঁড়াচ্ছেন।হাঁচি-কাশির শিষ্টাচার রক্ষা করছে না।
বিশেষ করে গ্রামাঞ্চলের দোকানে আগের মতই মানুষের আড্ডা ও মাঠগুলোতে দিনভর খেলাধুলা চোখে পড়ছে। সাপ্তাহিক হাটগুলি বন্ধ রাখার জন্য উপজেলা প্রশাসন থেকে চিঠি ইস্যু করা সত্ত্বেও বিভিন্ন স্থানে হাট বসছে, যেখানে হাজারেরও উপরে লোক সমাগম হচ্ছে, যা পরিনত হতে পারে করোনা ভাইরাস ছড়ানোর স্থান।
এব্যাপারে সহাকারি কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন,আমরা সারাদিন রাস্তায় রাস্তায় রোদে পুড়ে, ঘুরে বেড়িয়েও সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার আদেশ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না ।
তিনি আরো বলেন, আশা থাকবে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলররা উনাদের এলাকাবাসীর প্রতি নৈতিক দায়িত্ব পালনে মাঠে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করার জন্য সহযোগীতা কামনা করছি।
এব্যাপারে পৌর মেয়র হাজি আবুল কালাম আবু বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধ এবং এর ভয়াবহতা থেকে বাচাঁতে সরকার সবাইকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত হোম কোয়ারান্টাইনে থাকতে নির্দেশনা দিয়েছেন। সরকারি এই নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে।
সর্বস্তরের জনসাধারণ সরকারের আইন মেনে চলতে এবং করোনা ভাইরাস সচেতনতায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, করোনার কারণে ঘরবন্দি কোনো মানুষ যাতে না খেয়ে থাকে, সেটি নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে নিজেই ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছি।
ত্রাণ সামগ্রী উপজেলার সর্বত্র পৌঁছাতে দিনরাত কাজ করে যাচ্ছি। এ সময় সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন। দেশের এ শষ্কটময় সময় সর্বসাধারনের সহযোগীতা কামনা করেন তিনি।








