Site icon CPLUSBD.COM

বোয়ালখালীতে প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড পেলেন ১০ জন কৃতি স্কাউট

বাংলাদেশ স্কাউটস এর “স্কাউট শাখায়” সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” পেলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন কৃতি স্কাউট। ২০ জানুয়ারি মৌচাক গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৯ম জাতীয় কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ তাদের এ অ্যাওয়ার্ড প্রদান করেন।

তারা হলেন, বোয়ালখালী ঘাসফুল মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট ইমতিয়াজ মালেকুল মাজেদ, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের স্কাউট মোঃ মামুন ও গার্ল ইন স্কাউট ফারহানা ইয়াছমিন, বেঙ্গুরা কেবিকেআর বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট বিবি ফাতেমা, পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের কাজী ফরিদুল আলম ফাহিম, ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট রিমা আকতার ফারুকী, হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট অনুরাগ দাশ, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইরফান উদ্দিন মামুন ও গার্ল ইন স্কাউট সাবরিনা সুলতানা এবং জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের স্কাউট মোঃ মাসুদ।

বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সম্পাদক জানে আলম বলেন, স্কাউটদের এই অর্জনে বোয়ালখালী উপজেলা স্কাউটস আরো একধাপ এগিয়ে গেলো। বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার কমিশনার বিশ্বজিৎ বড়ুয়া বলেন, চট্টগ্রামে একমাত্র বোয়ালখালী উপজেলাই সর্বোচ্চ ১০ জন প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড পেয়েছে। যেটা বোয়ালখালী উপজেলা স্কাউটসকে আরো সমৃদ্ধ করেছে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সভাপতি আছিয়া খাতুন বলেন, স্কাউট ও গার্ল ইন স্কাউটদের এ সফলতায় আমি খুবই আনন্দিত এবং তাদের এ সফলতা বোয়ালখালীবাসীর জন্য অত্যন্ত সম্মানের । স্কাউট আন্দোলনে আমার আন্তরিক সহযোগিতা সবসময় থাকবে।

উল্লেখ্য, ২০১৮ সালে সারা বাংলাদেশ সর্বোমোট ৭০৩ জন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে, যারমধ্যে বোয়ালখালী উপজেলার ১০ জন।