সিপ্লাস প্রতিবেদক: বোয়ালখালী পৌর সদরের মীর পাড়া এলাকায় টাকা ধার দেওয়ার কথা বলে বাসায় ডেকে এনে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার(৩১ জুলাই) বিকালের এ ঘটনায় পুলিশ এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-কামাল হোসেন ওরফে ধামা কামাল(৪২), গিয়াস উদ্দিন (২৮) ও তাদের সহায়তাকারী রোকেয়া আক্তার(৩০)।
বোয়লাখালী থানার ওসি আবদুল করিম বলেন, যে ঘরটিতে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে সেটি ওই নারীর পূর্বপরিচিত রোকেয়ার ভাড়া করা বাসা। ধর্ষণের অভিযোগকারী ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার বিকালে উপজেলা সদরে গিয়ে ওষুধ কেনার জন্য রোকেয়াকে ফোন করে তার কাছ থেকে দুই হাজার টাকা চান ওই নারী। টাকা দিতে রোকেয়া তাকে বাসায় নেয়ার জন্য রফিক নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাঠান। রফিক তাকে রোকেয়ার বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। তিনি রোকেয়ার বাসায় পৌঁছার পর সেখানে কামাল ও গিয়াস যায়। পরে রোকেয়া তাকে পাশের রুমে নিয়ে গিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছিটকিনি লাগিয়ে চলে যায়। এরপর কামাল ও গিয়াস তাকে মারধর ও ধর্ষণ করে। ওই নারীর চিৎকার শুনে এক প্রতিবেশী এগিয়ে এলে কামাল ও গিয়াস পালিয়ে যায়।








