বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের বিধিনিষেধ’ অমান্য করায় ১৯টি মামলায় ২৯ হাজার ২শত টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকে উপজেলায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী অফিসার নাজমুন নাহার।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলা সদর,শাকপুরা চৌমুহনী, গোমদন্ডী ফুলতল, হাজীর হাট, জোট পুকুর ও বেঙ্গুরা বাজারে অকারণে বের হওয়া ও নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করেন।
এসময় নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন,লকডাউন কার্যকরে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি সরকারি বিধিনিষেধ অমান্য করে, তবে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও অসহায় ১০টি পরিবারকে খাদ্য সহায়তা এবং মাস্ক বিতরণ করা হয়।

