বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী শহীদ আবুল হাসান সড়কটির এমনিতেই বেহাল দশা, এর উপর কানুনগোপাড়া সড়কের প্রায় সব গাড়ীগুলো এখন হঠাৎ এ সড়ক হয়ে চলাচল করতে থাকায় এটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
দ্রুত সংস্কার কাজে হাত দেয়া না হলে সড়কটিতে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনার আশংকা করছেন অনেকেই। এলাকাবাসির সাতে কথা বলে জানাযায়- কানুনগোপাড়া ডিসি সড়ক সংস্কার কার্যক্রম উপলক্ষে সড়কটির অলি বেকারী হতে হাজীর হাট অংশ পর্যন্ত বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবৎ ধরে।
কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় এ সড়কের গাড়ীগুলোকে এখন আকুবদন্ডী শহীদ আবুল হাসান সড়ক হয়ে যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসির অভিযোগ আগে থেকেই এ সড়কটির সক্ষমতা যাচাই না করে প্রতিদিন শত-শত গাড়ী চলাচল করতে থাকায় সড়কটির কয়েকস্থানে দেবে গিয়ে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।
সড়কটির মনির দীঘির পাড়ের অংশটি দেবে গিয়ে ইতোমধ্যে মারাত্নক অবস্থায় গিয়ে ঠেকেছে। দেবে যাওয়া এ অংশে এর মধ্যে বেশ কয়েকবার দুর্ঘটনায় অনেকেই হাত-পা ভেঙেছে বলে জানিয়েছে এলাকাবাসি। এমতাবস্থায় সড়কটি দিয়ে ছোট-বড় যানবাহনগুলো চলাচল অব্যাহত থাকায় মারাত্নক দুর্ঘটনার আশংকা করছেন অনেকেই। সিএনজি চালক মোঃ কামাল উদ্দীন বলেন- আগে নিয়মিত গাড়ি চলাচল করলেও বর্তমানে ঝুঁকি নিয়ে গুটি কয়েকটি সি এন জি চলাচল করে থাকে তবে সেটা খুব সীমিত ৷
এমতাবস্থায় সড়কটি দিয়ে ছোট-বড় যানবাহনগুলো চলাচল অব্যাহত থাকায় মারাত্নক দুর্ঘটনার আশংকা করছেন অনেকেই, সন্ধ্যার পর ঝুঁকি নিয়ে এ সড়কে এখন গাড়ি চালাতে চান না কোন চালক। সাইয়েদুল আলম নামের এক এস এস সি পরীক্ষার্থী জানান-কানুনগোপাড়া সড়কটি বন্ধ থাকায় আমাদের ২০ টাকা ভাড়ার স্থলে ২/৩ শত টাকা খরচ করে আকুবদন্ডী শহীদ আবুল হাসান সড়ক হয়ে সৈয়দপুর কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে।
স্থানীয়রা সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানান। এ নিয়ে জানতে চাইলে স্থানিয় সরকার প্রকৌশল অধিদপ্তর বোয়ালখালী উপ সহকারী প্রকৌশলী মোঃ ফারুক হোসেন বলেন-সড়ক ও জনপথ বিভাগ যাতায়তের বিকল্প ব্যবস্হা না করে হঠাৎ কানুনগোপাড়া সড়কটি বন্ধ করে সংস্কার চালাচ্ছেন।
বাধ্য হয়ে এ সড়কের গাড়ীগুলো বিকল্প হিসেবে গ্রামিন সড়কগুলো বেঁচে নেয়। এতে চাপ পড়ে গ্রামের ভেতরের ছোট-খাট রাস্তাগুলোতে। কিন্তু এ রাস্তাগুলোর ধারণ ক্ষমতার বাইরে বেশি ওজনের গাড়ী চলাচল অব্যাহত থাকায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে, ব্যাপারটি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে জানিয়েছি। নির্দেশনা পেলেই সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।








