নিউজটি শেয়ার করুন

বোয়ালখালী থানা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বোয়ালখালী থানা পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম এর নিজ উদ্যোগে বুধবার (১ এপ্রিল) থানায় ত্রাণ এলাকা ঘুরে ঘুরে খেটে খাওয়া অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন।

বোয়ালখালী থানা পুলিশ অনুযায়ী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন( চরখিজিরপুর)’র সাতগড়িয়াপাড়া, টেক্সঘর,দীনবন্ধু পুল,রফিক সওদাগর মার্কেট ৪নং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা জেলে পাড়া, নাথ পাড়া, মধ্য শাকপুরার বড়ুয়ার টেক ও পৌর এলাকার গোমদন্ডী ফুলতল, দীনবন্ধুর দোকানসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতির আলোকে দুস্থদের মাঝে চাউল,ডাল, তৈল,পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন-বোয়ালখালী প্রেসক্লাবে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, সদস্য ইয়াছিন চৌধুরী মিন্টু, এস এম নঈম উদ্দিন, এস আই জাহাঙ্গীর আল আমীন, এসআই আরিফুল ইসলাম সরকার, মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।

থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম বলেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বোয়ালখালীতে বিভিন্ন এলাকার গরীব- দুস্থ ও অসহায়দের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম গত ক’দিন ধরে পরিচালনা করে আসছি এবং আগামীতে তা সাধ্যানুসারে বিতরণ করা হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে খেটে খাওয়া মানুষগুলো খাদ্য সংকটে পড়েছে। সমাজের হৃদয়বান ব্যক্তিদেরও এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করছি।