নিউজটি শেয়ার করুন

ব্যবসায়ীসহ ১৭ জনকে জরিমানা করলো চসিকের ভ্রাম্যমাণ আদালত

সিপ্লাস প্রতিবেদক: লকডাউন ও পবিত্র রমজান মাসে বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে নগরীর কাজীর দেউরী কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক)। এসময় বিভিন্ন অভিযোগে ১৭ ব্যবসায়ী ও পথচারীকে জরিমানা করা হয়।

বুধবার সকালে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চসিক সূত্রে জানা যায়, চসিকের উদ্যোগে বুধবার নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউরী কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ম্যাজিস্ট্রেটরা মুদি, মাংস, মুরগী ও মাছসহ বিভিন্ন দ্রব্য সামগ্রীর দোকানে প্রদর্শিত স্থানে মূল্য তালিকা প্রত্যক্ষ করেন। এছাড়াও মেহদীবাগ, ও আর নিজাম রোড, মেডিকেল গেইট ও কে বি ফজলুল কাদের রোড এলাকায় করোনা ভাইরাস রোধে জনসাধরনকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করেন। অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে এবং মাস্ক না পরে বাইরে বের হওয়ার দায়ে ব্যবসায়ীসহ ১৭  জনের বিরুদ্ধে মামলাসহ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।