নিউজটি শেয়ার করুন

ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছে। অনেক ব্যাংক এটিএম বুথের লেনদেন বন্ধ রেখেছে। সতর্কতা তুলে না নেয়া পর্যন্ত এসব ব্যবস্থা অব্যাহত থাকবে।

সূত্র জানায়, উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে আগস্ট মাসের মাঝামাঝিতে তথ্য আসে, ‌‌‍‌‌‘বিগল বয়েজ’ নামে একটি হ্যাকার গ্রুপ ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে। গ্রুপটি উত্তর কোরিয়ার বলে কেন্দ্রীয় ব্যাংককে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেয়।

চিঠি পাওয়ার সব ব্যাংকই বিশেষ ব্যবস্থা নেয়। কেউ তদারকি জোরদার করে আবার কেউ গ্রাহকদেরও সচেতন থাকার জন্য খুদে বার্তা দেয়।

ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে সতর্ক থাকার চিঠি পাওয়ার পর আমরা এটিএম লেনদেন রাতে বন্ধ রেখেছি। দিনে বুথগুলোতে কর্মকর্তা থাকে, তাদের নজরদারি বাড়াতে বলা হয়েছে। অনলাইন লেনদেন আগের মতো চলছে, তবে সতর্কতা বাড়ানো হয়েছে।

একইভাবে সতর্কতা বাড়িয়েছে সরকারি-বেসরকারি সব ব্যাংক। ব্যাংকগুলোর তথ্য প্রযুক্তি, অনলাইন ব্যাংকিং ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেলের কর্মকর্তারা জানান, সতর্কতা আসায় তদারকি জোরদার করা হয়েছে। অনেক ক্ষেত্রে নিরাপত্তা পিন পরিবর্তন করা হয়েছে। আবার বড় অঙ্কের অনলাইন লেনদেনে পৃথক তদারকিও করা হচ্ছে। বিশেষ করে দেশের বাইরের লেনদেনের।