নিউজটি শেয়ার করুন

ব্যাংক আমানতের সুদহার বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

সিপ্লাস ডেস্ক: ব্যাংকে রক্ষিত মেয়াদী আমানতের ওপর মুদ্রাষ্ফীতি হারের চেয়ে কম হারে সুদ-মুনাফা প্রদান করায় আমানতকারীদের ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে। এতে সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখার পরিবর্তে ঝুঁকিপূর্ণ খাতসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ছে। এজন্য মেয়াদী আমানতের সুদহার মূল্যস্ফীতির নিচে না রাখতে দেশের সব তফসিলি ব্যাংকের প্রতি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার তফসিলি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক মো. আলী আকবর ফরাজী স্বাক্ষরিত চিঠিতে আমানতের ওপর সুদ-মুনাফা হারের নিম্নগ্রামী প্রবণতা রোধের বিষয়ে সক্রিয় থাকতে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের নির্দেশনা দেয়া হয়। এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকিং খাতে আমানতের সুদ-মুনাফা হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ব্যাংক থেকে প্রাপ্ত বিবরণী পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ ব্যাংক কর্তৃক মেয়াদী আমানতের ওপর মুদ্রাষ্ফীতি হারের চেয়ে কম হারে সুদ-মুনাফা প্রদান করা হচ্ছে। ক্ষুদ্র আমানতকারীসহ অন্যান্য আমানতকারীদের একটি অংশ তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যাংকে রক্ষিত আমানতের সুদ-মুনাফার ওপর নির্ভরশীল। ব্যাংকে রক্ষিত মেয়াদী আমানতের ওপর মুদ্রাষ্ফীতি হারের চেয়ে কম হারে সুদ-মুনাফা প্রদান করায় আমানতকারীদের ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে। ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাছাড়া, মেয়াদী আমানতের ওপর সুদ-মুনাফা হার অত্যধিক হ্রাস জনসাধারণের সঞ্চয় প্রবণতাকে নিরুত্সাহিত করে। ফলে আমানতকারীরা তাদের সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখার পরিবর্তে ঝুঁকিপূর্ণ খাতসহ বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যক্তি পর্যায়ের মেয়াদী আমানত ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, অবসরোত্তর পাওনাসহ বিবিধ পাওনা পরিশোধের লক্ষ্যে গঠিত তহবিল বাবদ রক্ষিত যেকোনো পরিমাণ মেয়াদী আমানতের ওপর সুদ-মুনাফা হার মুদ্রাষ্ফীতি হার অপেক্ষা কোনোক্রমেই কম নির্ধারণ করা যাবে না।

অনুচ্ছেদ নং-৩ (ক) এ বর্ণিত আমানতের ওপর কোনো নির্দিষ্ট মাসে সুদ-মুনাফা হার নির্ধারণের ক্ষেত্রে ওই মাসের অব্যবহিত তিন মাস পূর্বের মুদ্রাষ্ফীতি হারকে বিবেচনায় নিতে হবে। ঋণ-বিনিয়োগের ওপর সুদ-মুনাফা হার বিআরপিডি সার্কুলার নং-০৩/২০২০ এর নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ শতকরা নয় ভাগ অপরিবর্তিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঠানো চিঠিতে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতে দায়-সম্পদের ভারসাম্যহীনতা রোধকল্পে তিনমাস ও তদূর্ধ্ব মেয়াদী আমানতের ওপর সুদ-মুনাফা হার নির্ধারণের ক্ষেত্রে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ব্যাংক-তহবিলের প্রধান উৎস হলো বিভিন্ন ধরনের আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত আমানত। আমানতের ওপর সুদ-মুনাফা হার অতিমাত্রায় হ্রাস পেলে ভবিষ্যতে ব্যাংকের আমানতের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে, ব্যাংকের দায়-সম্পদ ব্যবস্থাপনায়ও ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here