Site icon CPLUSBD.COM

ব্যাংক ঋণের সুদ ৯ শতাংশ বাস্তবায়ন ১ এপ্রিল থেকে: অর্থমন্ত্রী

সকল খাতের ব্যাংক ঋণের সুদ হবে ৯ শতাংশ এবং তা আগামী বছরের ১ এপ্রিল থেকে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (৩০ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানের জব্বার টাওয়ারে ব্যাংকার্স এসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন।

অর্থমন্ত্রী আরও বলেন, সকল ব্যাংকের আমানতের সুদের হার ৬ শতাংশ এটিও আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

এর আগে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছিলেন আগামী ১ জানুয়ারি থেকে ব্যাংকগুলোতে ঋণের সুদ হার সিঙ্গেল ডিজিট (১০ শতাংশের নিচে) কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী উৎপাদনশীল খাতের ঋণের সুদ নয় শতাংশ ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের কথা। কিন্তু সে সিদ্ধান্ত পরিবর্তন করে উৎপাদন, অনুৎপাদনসহ সব খাতের সুদ ৯ শতাংশ করা এবং তা তিন মাস পিছিয়ে বাস্তবায়নের কথা আজ জানান অর্থমন্ত্রী।