নিউজটি শেয়ার করুন

ব্যাংক নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

সিপ্লাস ডেক্স: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর এক নিরাপত্তাকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার স্টেশন রোডের নুর মেডিকেল সেন্টারে দ্বিতীয় তলায় ব্যাংকের শাখা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম রাজেশ বিশ্বাস (২৩)।

তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার চান্দপুর গ্রামের খিরোদ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের অপর দুই নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, নিহত রাজেশ বিডিবিএর ব্যাংকের আউটসোর্সিং নিরাপত্তাকর্মী হিসেবে প্রায় ৩ বছর ধরে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজেশ। শনিবার রাতে মো. মনির হোসেন নামে এক কর্মকর্তা ব্যাংকের ভিতরে যাওয়ার জন্য দরজার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে হাত-পা বাঁধা ও গলায়-ঘাড়ে আঘাত করা অবস্থায় রাজেশের মরদেহ দেখতে পায়। ওই সময় ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাঙা ও জানালার একটি গ্রিল কাটা পাওয়া যায়। তবে ব্যাংকের ভোল্ট ভাঙার চেষ্টা করলেও তা সুরক্ষিত ছিল। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. নাদিম মিয়া ও রুহুল আমিন নামে ব্যাংকের অপর দুই নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মোবাশ্বের হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় ব্যাংক কর্মকর্তা মনির হোসেন সারপ্রাইজ ভিজিটে এসে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ওই নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করে। কয়েকটি ড্রয়ার ভাঙা পাওয়া গেছে। ভোল্ট ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। তবে আপাতত কোন কিছু খোয়া যায়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মো. জাবেদ মাহমুদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।