সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজের পরপর দুই ম্যাচে হারার পরে তৃতীয় ম্যাচে এসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। টসে জিতে পাঁচ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে নিউজিল্যান্ড। মাঝারি লক্ষ্য তাড়া করতে এসে নির্ধারিত ওভারের দুই বল বাকি থাকতেই ৭৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। ৫২ রানের বিশাল জয় পায় কিউইরা। চরম ব্যাটিং ব্যর্থতার দিনে ৫২ রানে জিতে সিরিজ ২-১ এ ফেরালো টম ল্যাথামরা।
রোববার বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়।
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে আসেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। ১৭ বলে ২৩ রান তোলেন তারা। এরপর ৯ রানের ব্যবধানে পরপর চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। শুরুতে কোল ম্যাকনসিকের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ওপেনার লিটন (১৫)। পরের ওভারে অ্যাজাজ প্যাটেলের জোড়া শিকার শেখ মেহেদী, সাকিব আল হাসান। সপ্তম ওভারের শেষ বলে ওপেনার নাঈমকে ফেরান রাচীন রবীন্দ্র।
টানা উইকেট খুঁইয়ে গর্তে পড়া দলকে টেনে তুলতে ব্যর্থ হন মাহমুদউল্লাহ। সাত বলে মাত্র তিন রান করে প্যাটেলের তৃতীয় শিকার হন তিনি। একই ওভারে আফিফ হোসেন ধ্রুবকে নিজের চতুর্থ শিকার বানান এই স্পিনার। স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ধসে দেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা সোহানের সঙ্গে মুশফিকের ভুল বোঝাবুঝিতে রান আউট হতে পারতেন সোহান। কিন্তু ভাগ্যের সহয়তায় অল্পের জন্য রক্ষা মেলে তার।
জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। মাত্র ৮ রান করে রবীন্দ্রের শিকার হন তিনি। অষ্টম উইকেটের জুটিতে মুশফিককে সঙ্গ দিতে পারেননি সাইফউদ্দিন। ৮ রান করে ম্যাকনসিকের লেগ বিফোঁরের ফাঁদে পড়েন তিনি। নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদকে বোল্ড করে ফেরান স্কট কাগেলেইন। শেষের দিকে মুশফিকের ২০ রানে ভর করে দুই বল বাকি থাকতেই ৭৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। ৫২ রানের বড় জয় পায় কিউইরা।

