সিপ্লাস প্রতিবেদক: ব্যাপক প্রতিরোধের মুখে চট্টগ্রামে আসতে পারলেন না বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
শুক্রবার হাটহাজারীর পার্বতি স্কুলের মাঠে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলে মাওলানা মামুনুল হকের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখার কথা ছিল।
তবে মামুনুল হক চট্টগ্রামে না আসলেও শুক্রবার তার পক্ষে মিছিল করতে গিয়ে ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় যারা গ্রেফতার হয়েছেন তাদের ২৪ঘন্টার মধ্যে মুক্তি দেয়ার আল্টিমেটাম দিয়েছেন তিনি। একই আল্টিমেটাম দিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার হুমকি দেয়ায় চট্টগ্রামে গত কয়েকদিন ধরে বিভিন্ন সভা সমাবেশে মামুনুল হককে প্রতিরোধের ঘোষণা দেয় বিভিন্ন সংগঠন।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ছাত্রলীগ যুবলীগ মামুনুল হককে চট্টগ্রামের মাটিতে নামতে না দেয়ার ঘোষণা দেয়।
শুক্রবার সকাল থেকে বিভিন্ন সংগঠন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের সামনে এবং নগরী ও হাটহাজারীর বিভিন্ন সড়কে সারাদিন প্রতিরোধ সভা সমাবেশ করে।

এদিকে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন “মাওলানা মামুনুল হক আজকের সমাবেশে আসতে আগ্রহী ছিলেন না। আর আমরাও তাকে আনতে আগ্রহী নই। তাই তিনি আসেননি।তবে আমি সরকারের কাছে জানতে চাই কেনো আজকে তাঁর অনুপস্থিতির পরেও চট্টগ্রামকে অস্হিতিশীল করা হয়েছে। তাঁর এই সহশীল নমনীয় আচরণের সুযোগে যারা মামুনুল হকের সাথে ধৃষ্ঠতা দেখিয়েছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলেছেন তিনি। এসমম হেফাজতের আমির ঢাকাসহ বিভিন্নস্থানে মামুনুল হকের পক্ষে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী গ্রেফতারকৃতদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবী তুলেছেন। নয়তো হেফাজতে ইসলামের ব্যানারে সারাদেশে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দিয়েছেন।
তিনি শুক্রবার সন্ধ্যায় হাটহাজারীর পার্বতি স্কুলের মাঠে আল আমিন সংস্থার তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনি বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক তার ফেইসবুক পেইজে গ্রেফতারকৃতদের ২৪ঘন্টার মধ্যে মুক্তি দেয়োর আল্টিমেটাম দিয়ে লিখেছেন শিরকের প্রতীক মূর্তির বিরুদ্ধে কথা বলায় আমি যখন জুলুমের শিকার, এক মজলুমের পক্ষে দাড়াতে হাজারো তৌহিদী জনতা রাজপথে নেমেছে ৷ তাদের এ বিক্ষোভ ছিল তাওহিদী চেতনার বহিঃপ্রকাশ ৷ ছিল একত্ববাদ প্রতিষ্ঠিা ও শিরকের প্রতীকের বিরুদ্ধে ক্ষোভ জানানোর কর্মসূচি ৷ এই সাহসী জনতাকে স্বশ্রদ্ধ সালাম ! তাদের উপর নির্মম লাঠিচার্জ ও নির্যাতনের দৃশ্য জাতি দেখেছে ৷ বিক্ষোভকারী প্রায় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে ৷ ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে ৷ এক জুলুমের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ হলে পরবর্তী জুলুমের প্রতিবাদে লক্ষ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ নেমে আসবে রাজপথে এটাই স্বাভাবিক ৷ দায়িত্বশীল মহলের যথাযথ পদক্ষেপের প্রতীক্ষায় রইলাম ৷
একটি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের আঁধারে মিরসরাই দিয়ে সড়কপথে হাটহাজারীতে ঢুকতে চেয়েছিলেন মামুনুল হক। কিন্তু মিরসরাই থানা পুলিশ মামুনুল হকের গাড়িটি মিরসরাই থেকে ফিরিয়ে দেয়।
এ ব্যাপারে জানতে মিরসরাই থানার ওসির ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আমাদের মিরসরাই প্রতিনিধি বাবলু দে জানান, কোন বিষয় নিয়ে এখন মিরসরাই থানার ওসি বক্তব্য দেননা। তবে তিনি যদি স্থানীয় সাংবাদিকদের ফোন রিসিভ না করেন তাহলে ধরে নিতে হয় এ ঘটনার সত্যতা রয়েছে।








