এহসান আল কুতুবী, কক্সবাজারঃ ব্রাজিলের হারের জন্য নয়, প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে শুনে কষ্ট সহ্য করতে না পেরে বিষ পান করেছেন কক্সবাজারের রামুর মো. কামাল। তিনি বলেন, কষ্টের কথা কোনোভাবেই আমার মাকে বুঝাতে পারছিনা। তাই, কষ্টকে চাপা দিতেই মাত্র সামান্য করে খেয়েছি। আমার উদ্দেশ্য মরে যাওয়া ছিলোনা।
রোববার (১১ জুলাই) কক্সবাজার সদর হাসপাতালের বেডে শুয়ে শুয়ে প্রতিবেদককে এই কথাগুলো বলছিলেন রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে মো. কামাল।
তিনি বলেন, আমি নিজেই মনে মনে আর্জেন্টিনাকে সাপোর্ট করতাম ছোটকাল থেকে। খেলার প্রতি ততটা আগ্রহও আমার ছিলোনা। ব্রাজিল বা আর্জেন্টিনা জিতলেও কি হারলেও কি। তাছাড়া আর্জেন্টিনার বা ব্রাজিলের হার জেতার বিষয়ে আমার কিচ্ছু যাই আসেনা।
কামাল বলেন, সাড়ে তিন বছর ধরে আমার সাথে একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। আমাদের পরিবার ও তার পরিবার বিষয়টি জানতেন। কিন্তু, আমার মা কোনোভাবেই রাজি হচ্ছেনা। অন্যদিকে তার পরিবারও মেয়ে বড় হয়ে যাওয়ার বিয়ের প্রস্তুতি নিয়েছেন।
এমনি শনিবার তার আকদ হওয়ার কথা ছিলো একটা ছেলের সাথে। আমি খবরটা পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারিনি। তাই, বিষ পান করতে বাধ্য হয়েছি। আমি এখনো আশাবাদী, আমার প্রমিকাকে ফিরে পাবো, বলেন কামাল।
তিনি বলেন, আমার খুব অবাক লাগছে ব্রাজিলের সাথে আমার বিষয়টি নিয়ে মানুষ গুজব ছড়াচ্ছে শুনে। কেউ গুজবে বিভ্রান্ত হবেন না। এর আগে, বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।








