Site icon CPLUSBD.COM

ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত

সিপ্লাস ডেস্কঃ  মহামারীর সঙ্কটকে শুরু থেকেই উপেক্ষা করে আসা ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি বলেছিলেন, ‘ মানুষ মরবেই, এটাই জীবন’।

জ্বরসহ বিভিন্ন উপসর্গে ভুগতে থাকা বোলসোনারো সোমবার চতুর্থবারের মত তার নমুনা পরীক্ষা করান। তাতে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

করোনাভাইরাসের ঝুঁকিকে ছোট করে দেখিয়ে মহামারীর শুরু থেকেই বিভিন্ন মন্তব্য করে আসছিলেন ব্রাজিল প্রেসিডেন্ট, যে কারণে তাকে সমালোচিত হতে হয়েছে বিশ্বজুড়ে। সুত্র বিবিসি

ভাইরাস ঠেকাতে মাস্ক পরা, সামাজিক দূরত্বের নিয়ম মানা এবং লকডাউনের বিরোধিতা করে আসা বোলসোনারো তার দেশের বিভিন্ন রাজ্যের গভর্নরদের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়েছেন।

বিবিসি লিখেছে, কোভিড-১৯ কে সাধারণ সর্দি-জ্বরের সঙ্গে তুলনা করে গত এপ্রিলে বোলসোনারো বলেছিলেন, এ ভাইরাস তাকে মোটেও কাবু করতে পারবে না।

ঐ মাসেই বোলসোনারোকে একবারে কাশতে কাশতে লকডাউন-বিরোধী বিক্ষোভে হাজির হতে দেখা যায়। মুখে কোনো মাস্ক না পরে, হাতে গ্লাভস না পরেই বিক্ষোভ-সমাবেশে অংশ নেন বোলসোনারো।

সে সময় ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪০ হাজারের কাছাকাছি, মৃত্যুর সংখ্যা ছিল তিন হাজারের নিচে।

আর বোলসোনারোর নিজের যেদিন সংক্রমণ ধরা পড়ল, ততক্ষণে এ ভাইরাস ব্রাজিলে ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, আক্রান্ত করেছে ১৬ লাখের বেশি মানুষকে।

সরকারি তথ্য অনুযায়ী শনাক্ত রোগীর সংখ্যায় ব্রাজিল এখন বিশ্বে দ্বিতীয়। এ দিক দিয়ে ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে কেবল ডনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র।

তবে পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা।

ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যেও বোলসোনারো বলে আসছেন, ভাইরাস ঠেকানোর লকডাউন দেশের অর্থনীতির জন্য ভাইরাসের চেয়েও বেশি ক্ষতিকর।

সংবাদমাধ্যমগুলো এ ভাইরাস ও মহামারী নিয়ে অযথা আতঙ্ক ছড়াচ্ছে বলেও ব্রাজিলের প্রেসিডেন্টের অভিযোগ।