ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।এ ঘটনায় আখাউড়া জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে স্টেশন মাস্টার জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে নির্ধারিত ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হওয়া আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, বুধবার দুপুরে বাংলাদেশ রেলওয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসকে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই উদয়ন এক্সপ্রেসের যাত্রী বলে জানা গেছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

