সিপ্লাস ডেস্ক: মহামারি করোনাভাইরাসের তাণ্ডব চলছে সারা বিশ্বে। যুক্তরাজ্যও এর বাইরে নয়। দেশটিতে সঠিক মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের বেশি বলে জানিয়েছে দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবের চেয়ে এটি ১০ হাজার বেশি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্য অনুযায়ী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গত ২৯ মে পর্যন্তই ৪৬ হাজার ৪২১ জনের মৃত্যু হয়। তাদের দাবি, সব মিলিয়ে ব্রিটেনে এখন পর্যন্ত ৫১ হাজার ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।
ব্রিটেনের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারের (ডিএইচএসসি) হিসাবে দেশটিতে এখন পর্যন্ত ৪০ হাজার ৮৮৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু প্রশ্ন হল দুই প্রতিষ্ঠানের হিসাবে এত তারতম্য কেন?
ব্রিটিশ গণমাধ্যম বলছে, ডিএইচএসসি শুধু সেইসব মৃত রোগীর হিসাব প্রকাশ করছে, যারা মারা যাওয়ার আগে কভিড-১৯ পজিটিভ হয়েছেন। ময়নাতদন্তের পর যাদের ফলাফল পজিটিভি আসছে, তাদেরটা বিবেচনায় নিচ্ছে না।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে এই রোগটিতে ৪ লাখ ১৩ হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭৩ লাখ ১৬ হাজার ৯৪৪ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ২ হাজার ৫০২ জন।








