সিপ্লাস ডেস্ক: ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত সেই রোগীর মৃত্যু হয়েছে রাজধানীর বারডেম হাসপাতালে এমন সন্দেহ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
রবিবার (৩০ মে) দুপুরে অনলাইন করোনা বুলেটিনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৫ মে বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন জানান, আমরা সন্দেহ করছি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে চিকিৎসাধীন ব্যক্তি মারা গেছেন। আমরা মিউকরমাইকোসিসে একজন রোগীকে হারিয়েছি।
মিউকরমাইকোসিস (ব্ল্যাক ফাঙ্গাস) নিয়ে অনেক বেশি ভয়ের কোনও কারণ নেই জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ভারতীয় অংশে আমরা দেখেছি এই ইস্যুতে সেখানকার পরিবেশ ও হাসপাতালে যে অবস্থা ছিল, তাদের রোগীদের সেবায় স্টেরয়েড ব্যবহার, অক্সিজেন সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে যে তারতম্য, সেসব কারণে ভারতে এই পরিমাণে ছড়িয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশে কিছু কিছু রোগী আগেও ধরা পড়েছে, এখনও পড়ছে। আমরা মিউকরমাইকোসিসে একজন রোগী হারিয়েছি। তবে মিউকরমাইকোসিসকে অবশ্যই গুরুত্ব দিতে হবে জানিয়ে তিনি বলেন, যেসব রোগী ডায়াবেটিস, ক্যানসার, বিশেষত ব্লাড ক্যানসারে আক্রান্ত, যারা কেমো পাচ্ছেন, দীর্ঘমেয়াদি স্টেরয়েড পাচ্ছেন, এসব রোগীর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
আশপাশে যতই মিউকরমাইকোসিস থাকুক, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে আক্রান্ত করতে পারবে না। শুধু মাস্ক পরলেই হবে না, সেটা যেন ঠিকমতো পরা হয় তা নিশ্চিত করতে হবে।








