নগরীর হালিশহর বড়পোল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ইফতেখার আহমেদ ইরফান (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টায় বড়পোল আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাদ্দাম নামের এক যুবককে হালিশহর থানা পুলিশ আটক করেছে।
নিহত ইরফান কাট্টলি মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তার পিতার নাম মো. ইদ্রিচ।
ইরফানের পরিবারের লোকজন জানায়, আজ তার জন্মদিন ছিলো, জন্মদিনের কেক কিনতে গিয়েই ছুরিকাঘাতে প্রাণ হারায় ইরফান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, সাড়ে তিনটার দিকে ইরফানকে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পেটে ছুরির আঘাত ছিল।
হালিশহর থানার ওসি এস এম ওবায়দুর রহমান বলেন, ইরফান ও সাদ্দাম দুজনই মইন্যাপাড়ার বাসিন্দা, তারা বন্ধু। চারদিন আগে রাস্তায় দেখা হলে ইরফানকে কর্কশভাবে ডাক দেন সাদ্দাম।
“এ কারণে সেদিন সন্ধ্যায় সাদ্দামকে থাপ্পড় মেরেছিল ইরফান। এতে সাদ্দাম বেজায় ক্ষিপ্ত হয়। পরদিন একটি ছুরি কিনে নিয়ে সে ঘুরছিল। আজ দুপুরে বড়পোল পিডিবি অফিস এলাকায় দেখা পেয়ে ইরফানকে ছুরিকাঘাত করে সাদ্দাম।”
এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় ছুরিসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি ওবায়দুর।

