Site icon CPLUSBD.COM

ভারতকে রুখে দিল ‘১০ জনের’ বাংলাদেশ

সিপ্লাস ডেস্ক: পিছিয়ে পড়ার পর বিশ্বনাথ ঘোষের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হলো বাংলাদেশ। হারের শঙ্কা জাগল প্রবলভাবে। কিন্তু রোমাঞ্চের তখনও ঢের বাকি। দারুণ এক হেডে উৎসবে মাতলেন ইয়াসিন আরাফাত। ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে রুখে দিল অস্কার ব্রুসনের দল।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে সোমবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। সুনিল ছেত্রি প্রথমার্ধে ভারতকে এগিয়ে নেওয়ার পর ৭৪তম মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান ইয়াসিন।

সাফের ত্রয়োদশ আসরে এখনও পর্যন্ত অপরাজিত বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা অস্কার ব্রুসনের দলের দুই ম্যাচের পয়েন্ট ৪। নিজেদের প্রথম ম্যাচের  ড্রয়ে ১ পয়েন্ট ভারতের।